logo
প্রবাসের খবর

গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৭৩

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ অক্টোবর ২০২৪
Copied!
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৭৩
ইসবায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার একটি আবাসিক এলাকা। ছবি: সংগৃহীত

গাজার উত্তরে বেত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়ে জানিয়েছে, গাজায় শনিবার (১৮ অক্টোবর) গভীর রাত পর্যন্ত বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অনেকে আহত হয়েছেন। অনেকে ধ্বংসাবশেষের নিচে এখনো আটকে আছেন।

ইসরায়েল বলেছে, তারা হতাহতের সংখ্যা খতিয়ে দেখছে। তবে হামাস সরকার হতাহতের যে পরিসংখ্যান দিয়েছে, তা ‘অতিরঞ্জিত’ বলে মনে করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে থাকা তথ্যের সঙ্গে এই পরিসংখ্যান মেলে না বলেও জানিয়েছে দেশটি। গাজায় ইন্দোনেশীয় একটি হাসপাতালে ইসরায়েলি সেনাদের প্রচণ্ড গোলাগুলির খবরের পরেই এই হামলার ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেত লাহিয়াতে যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থাও হামলায় ৭৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে বিবিসি হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বলছে, হামলায় আবাসিক একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিবিসিকে বলেছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বেসামরিক লোকদের সম্ভাব্য ক্ষতি এড়াতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়ায় বোমা হামলা চালায়। সেখানে শরণার্থীশিবিরও রয়েছে। হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হন।

এদিকে শনিবার লেবাননের রাজধানী বৈরুতে কমপক্ষে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। হামলায় সেখানে কমপক্ষে একটি বহুতল ভবন পুরোপুরি ধসে গেছে। লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু গত বছর। ওই বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তখন থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। তবে সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর অনেক বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরের বেশি সময়ে ইসরায়েলের হামলায় সেখানে নিহত হয়েছেন অন্তত ৪২ হাজার ৫১৯ জন। আর আহত হয়েছেন অন্তত ৯৯ হাজার ৬৩৭ জন।

গত এক বছরের সংঘাতে গাজায় ১৪ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মুখপাত্র জেমস এলডার বলেছেন, অবরুদ্ধ গাজার ১০ লাখ শিশুর জন্য উপত্যকাটি এখন ‘পৃথিবীর বুকে নরকে’ পরিণত হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬