logo
মতামত

ফ্রান্স ছেড়ে এসেছি, কিন্তু বন্ধু আর স্মৃতিগুলো নয়

শাহাবুদ্দিন শুভ
শাহাবুদ্দিন শুভ১৬ জুন ২০২৬
Copied!
ফ্রান্স ছেড়ে এসেছি, কিন্তু বন্ধু আর স্মৃতিগুলো নয়

ফ্রান্স থেকে এত দ্রুত দেশে ফিরে আসব, এটা কখনোই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করব, নতুন একটি জীবনের ভিত্তি গড়ে তুলব এবং আমার সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করব। সেই লক্ষ্য নিয়েই হাজারো আশা, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলাম।

কিন্তু জীবন সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কিছু বাস্তবতা, কিছু দায়িত্ব এবং কিছু পরিস্থিতি আমাকে আবার নিজের দেশে, নিজের পুরনো কর্মস্থলে ফিরে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

Shahabuddin Shuvo 2

প্রথম দিকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে মনে মনে অনেক খুশি ছিলাম। পরিবারকে কাছে পাব, পরিচিত পরিবেশে ফিরব—এই চিন্তাগুলো ভালো লাগছিল। কিন্তু যেদিন বিমানের টিকিট কাটা হলো, সেদিন থেকেই যেন অনুভূতির রং বদলে যেতে শুরু করল। ফেরার দিন যত কাছে আসছিল, ততই বুকের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছিল।

কারণ খুব অল্প সময়ের মধ্যেই আমি ফরাসি সমাজের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলাম, যা কখনো কল্পনাও করিনি। ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা—সবকিছু ভিন্ন হওয়া সত্ত্বেও আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। এমন কিছু বন্ধু পেয়েছি, যারা আমার হাসিতে হাসতেন, আমার কষ্টে কষ্ট পেতেন। বিদেশের মাটিতে তারা শুধু বন্ধু ছিলেন না, বরং অনেক সময় পরিবারের মতোই পাশে দাঁড়িয়েছেন।

Shahabuddin Shuvo 3

তাদের ছেড়ে আসার চিন্তা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। বুকটা যেন ফেটে যাচ্ছিল। অনেক সময় মনে হয়েছে, চিৎকার করে কাঁদি। কারণ কিছু সম্পর্কের গভীরতা সময় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মাপা হয়।

যখন আমার প্রিয় বন্ধু Mélanie-কে জানালাম যে আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি, তখন সে খুবই মন খারাপ করেছিল। শুধু নিজে কষ্ট পেয়ে থেমে থাকেনি, সঙ্গে সঙ্গে আমাদের নির্বাচনী পরিচালনা টিমের সদস্যদের এবং যারা প্রার্থী ছিলেন, তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছিল। খবরটি শুনে সবাই আমাকে নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।

Shahabuddin Shuvo 4

তারা সিদ্ধান্ত নিলেন, আমার জন্য একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করবেন। আমি তখন জানিয়েছিলাম যে, ২০ তারিখই আমার দেশে ফেরার দিন, আর তারা ৩০ তারিখ অনুষ্ঠান করতে চাইছিলেন। ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না। কিন্তু আমি ভুল ছিলাম।

বাংলাদেশে খুব অল্প সময়ে যেকোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। কিন্তু ফরাসি সমাজে বিষয়টি ভিন্ন। তাদের অধিকাংশ পরিকল্পনা অনেক আগে থেকেই নির্ধারিত থাকে। তবুও মাত্র চার দিনের নোটিশে তারা যেভাবে আমার জন্য একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি হয়ে থাকবে।

সেদিন তারা আমাকে বাসা থেকে নিয়ে গিয়েছিলেন, আবার অনুষ্ঠান শেষে নিরাপদে পৌঁছে দিয়েছিলেন। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছিল এক অসাধারণ আয়োজন। একের পর এক খাবার, গল্প, হাসি আর স্মৃতির মুহূর্তে পুরো সময়টা ভরে উঠেছিল। অনেকেই নিজেদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে নিয়ে এসেছিলেন। ছিল বারবিকিউর আয়োজনও।

Shahabuddin Shuvo 6

ওয়েলকাম ড্রিংক থেকে শুরু করে বিকেলের শেষ কফির কাপ পর্যন্ত প্রতিটি মুহূর্ত ছিল আন্তরিকতায় ভরা। তাদের প্রাণবন্ত আড্ডা, আন্তরিকতা এবং ভালোবাসা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

সবচেয়ে বেশি আবেগাপ্লুত হয়েছি যখন তারা তাদের শহরের ঐতিহ্যবাহী স্মারকগুলো অত্যন্ত যত্নের সঙ্গে আমার হাতে তুলে দিয়েছেন। ল্য ক্রুসো (Le Creusot) শহরের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এমন অনেক স্মৃতিচিহ্ন আমাকে উপহার দিয়েছেন। এগুলো হয়তো বস্তুগতভাবে খুব বড় কিছু নয়, কিন্তু আমার কাছে এগুলোর মূল্য অপরিসীম। কারণ প্রতিটি উপহারের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, সম্মান এবং হৃদয়ের টান।

Shahabuddin Shuvo 5

আরও একটি উপহার আমার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। শহরের একটি বিশেষ কার্ডে উপস্থিত প্রত্যেকে আমার জন্য আলাদা আলাদা কিছু কথা লিখেছিলেন। তাদের সেই লেখাগুলো পড়তে পড়তে বারবার চোখ ভিজে উঠেছে। একটি মানুষের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে—যখন সে বুঝতে পারে, তার উপস্থিতি অন্য মানুষের হৃদয়ে একটি সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেছে।

আজ আমি হাজার মাইল দূরে, নিজের দেশে ফিরে এসেছি। কিন্তু ল্য ক্রুসোর সেই মানুষগুলো, তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা এবং সেই বিদায়ের দিনটির প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

Shahabuddin Shuvo 7

বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য—Chahrazed, Selma, Bakhta, Zeff, Samuel, Sonia, Fouzya, Adel, Nadia, Denia, Silva, Nicolas, Marie-Anne, Amina, Mélanie,

এবং ছোট্ট Maria ও Léonie-সহ আরও অনেকের প্রতি, যাদের ভালোবাসা আমার বিদেশ জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ হয়ে থাকবে।

জীবনের পথ আমাদের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়। হয়তো আমরা ভৌগোলিকভাবে দূরে চলে যাই, কিন্তু কিছু মানুষ কখনো দূরে যায় না। তারা থেকে যায় হৃদয়ের গভীরে, স্মৃতির পাতায়, আর কৃতজ্ঞতার অনন্ত জায়গায়।

ধন্যবাদ ফ্রান্স। ধন্যবাদ ল্য ক্রুসো। ধন্যবাদ আমার সেই অসাধারণ বন্ধুদের, যারা আমাকে বুঝিয়েছেন—মানুষের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ।

Au revoir France, but never goodbye.


লেখক: প্রধান সম্পাদক, সিলেটপিডিয়া <[email protected]>

আরও দেখুন

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

০৪ জুলাই ২০২৬

কিংবদন্তির জন্ম

কিংবদন্তির জন্ম

পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

০৪ জুলাই ২০২৬

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

০২ জুলাই ২০২৬

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।

০২ জুলাই ২০২৬