logo
প্রবাসের খবর

শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহপ্রধান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ নভেম্বর ২০২৪
Copied!
শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহপ্রধান
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, সুনির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে তাঁরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত ইসরায়েলি বোমা হামলা চলার মধ্যে বুধবার (৩০ অক্টোবর) এ কথা বলেন তিনি।

বার্তা সংস্থা এএফপি বৈরুত থেকে এ খবর দিয়েছে।

নাইম কাশেম এমন সময়ে যুদ্ধবিরতির বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন, যখন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদে একটি বৈঠক হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক কমান্ডারও নিহত হয়েছেন।

কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

সম্প্রচারমাধ্যম আল জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে মিকাতি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচেস্টেইন ইঙ্গিত দিয়েছেন যে হয়তো ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিনগুলোতে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব।’

মঙ্গলবার ইরান–সমর্থিত হিজবুল্লাহর নেতা নির্বাচিত হন কাশেম। গত মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

হিজবুল্লাহপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রথম বক্তব্যে কাশেম বলেন, মাসের পর মাস ধরে ইসরায়েলের বিমান ও স্থল হামলা প্রতিরোধ করে যাওয়ার মতো সক্ষমতা হিজবুল্লাহর আছে। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তবে দরজা খোলা আছে বলেও উল্লেখ করেছেন তিনি।

হিজবুল্লাহপ্রধান বলেন, ‘ইসরায়েলিরা যদি সিদ্ধান্ত নেয় যে তারা আগ্রাসন বন্ধ করতে চায়, আমরা তা গ্রহণ করব। তবে আমাদের বিবেচনায় যথাযথ ও উপযোগী বলে বিবেচিত শর্তের আওতায় তা গ্রহণ করা হবে।’

অবশ্য কাশেম বলেছেন, হিজবুল্লাহ এখনো কোনো নির্ভরযোগ্য প্রস্তাব পায়নি।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে কী কী শর্ত দেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ।

ইসরায়েলের সরকারি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ‘আলোচনা হয়েছে, আমি মনে করি এতে সময় লাগবে।’

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের তথ্য অনুসারে, ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে নিজেদের দাবি পূরণের ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার রাতে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।


আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

২ দিন আগে