logo
প্রবাসের খবর

ভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ মে ২০২৫
Copied!
ভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার (১০ মে) এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।’

ট্রাম্পের এই ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। দুই দেশই জানায়, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতির কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডলে বলেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সব সময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপস করেনি।

অন্যদিকে যুদ্ধবিরতিতে দুই দেশের রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লিতে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।

দুই দেশই এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। সেদিন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হয়। ওই হামলার ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তান তা বারবার নাকচ করে আসছিল।

পহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি স্থানে অভিযান চালায় ভারত। নয়াদিল্লি ওই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’। অন্যদিকে মঙ্গলবার রাতেই ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান।

এর পর থেকে দুই দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়, ভারতে ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’। সংশ্লিষ্ট সূত্রের খবর, এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায়। এখানে ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের মজুতাগার রয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানালেন।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

২ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৫ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

৯ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

৯ দিন আগে