logo
প্রবাসের খবর

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৫ আগস্ট ২০২৫
Copied!
জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জিসিসি (GCC)। এর পূর্ণরূপ হলো গালফ কোঅপারেশন কাউন্সিল।

জিসিসি গঠিত হওয়ার পর থেকে কুয়েত তাদের পর্যটন খাতকে উন্মুক্ত করতে কাজ করে আসছিল। আগে শুধু ইউরোপ-আমেরিকা বা মধ্যপ্রাচ্যের নাগরিকদের জন্য উন্মুক্ত ছিল কুয়েতের ভ্রমন ভিসা। এখন থেকে মধ্যপ্রাচ্যের জিসিসি দেশে বসবাসরত প্রবাসীরাও সহজে কুয়েতে ভ্রমণ করতে পারবেন। কুয়েতে বিমানবন্দর কিংবা স্থলবন্দরে এসেই মধ্যপ্রাচ্যের বৈধ রেসিডেন্স পারমিটধারীরা অন অ্যারাইভাল ভিসা পাবেন—এমন খবর প্রকাশিত হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) যেকোনো দেশে বসবাসরত বিদেশিদের জন্য কুয়েত ভ্রমণ আরও সহজ করা হয়েছে।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জারি করেছেন। যা গত ১০ আগস্ট (রোববার) সরকারি গেজেট কুয়েত আলিয়ুম-এ প্রকাশিত হয়েছে।

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন। ফলে পর্যটকদের আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না বরং আগমনের সঙ্গে সঙ্গেই তারা ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন।

এই পদক্ষেপকে কুয়েতের পর্যটন খাতে একটি বড় মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন অনেক প্রবাসী। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বলেন এই উদ্যোগ কুয়েতে শুধু পর্যটনই নয়, বরং ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তিনি মধ্যপ্রচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ করে বলেন, কুয়েত সরকারের দেওয়া এই সুযোগ যেন আমরা অপব্যবহার না করি। কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি যেন অক্ষুণ্ন থাকে সেটা সবাই দেখতে হবে।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, জিসিসি অঞ্চলের মানুষের জন্য কুয়েত ভ্রমণ সহজ হওয়ায় আতিথেয়তা, হোটেল, পরিবহন এবং বিনোদন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কুয়েত সরকার সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে বৈচিত্র্যময় করার ওপর জোর দিচ্ছে এবং এই ভিসা নীতি সেই প্রচেষ্টারই অংশ।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ এই উদ্যোগকে ‘খোলা দরজার নীতি’ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন এই পদক্ষেপ কুয়েতের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

আরও দেখুন

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

১২ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

১৭ দিন আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৯ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১৯ দিন আগে