logo
প্রবাসের খবর

চালু হলো সৌদির নিওম শহরের প্রথম রিসোর্ট দ্বীপ 'সিন্দালাহ'

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ অক্টোবর ২০২৪
Copied!
চালু হলো সৌদির নিওম শহরের প্রথম রিসোর্ট দ্বীপ 'সিন্দালাহ'

পৃথিবীর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে খ্যাত সৌদি আরবের নিওম শহরের প্রথম রিসোর্ট সিন্দালাহর যাত্রা শুরু হয়েছে। আজ রোববার সৌদির এই মেগাসিটিতে প্রথম কোনো স্থাপনা চালু হলো।

বার্তা সংস্থা এএফপি জানায়, সিন্দালাহ রিসোর্টটি হলো লোহিত সাগরে অবস্থিত একটি রিসোর্ট দ্বীপ। যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে বিলাসবহুল রেস্তোরাঁ ও হোটেলসহ নানা রকম সুবিধা। আগামী মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদে শুরু হতে যাচ্ছে দেশটির বড় বার্ষিক বিনিয়োগ ইভেন্ট। এর আগেই এই রিসোর্টটি চালুর ঘোষণা দেওয়া হলো।

নিওম প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদমি আল-নাসর এক বিবৃতিতে বলেছেন, নিওমের সিন্দালাহ রিসোর্ট দেশের বিলাসবহুল পর্যটনখাতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিওমে কী রয়েছে তার প্রথম ঝলক দেখা যাবে এই রিসোর্টে।

বিবৃতিতে আরও বলা হয়, সিন্দালাহ রিসোর্টটি ৮৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত। ২০২৮ সালের মধ্যে এটি প্রতিদিন ২ হাজার ৪০০ জন অতিথি গ্রহণ করবে।

সৌদি আরবের উত্তর-পশ্চিমে অবস্থিত নিওম দেশটির বিস্তৃত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এ শহর তৈরিতে ব্যয় হচ্ছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ। তবে শহরটির নির্মাণ উদ্যোগের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। কারণ তেলের দাম হ্রাস এবং ওয়ার্ল্ড এক্সপো ২০৩০, বিশ্বকাপ ২০৩৪-এর আয়োজনের জন্য অন্যখাতে বরাদ্দ দেওয়ায় সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) নিওমের জন্য অর্থ বরাদ্দে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

আধুনিক শহর নিওম ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং মাত্র ২০০ মিটার চওড়া হবে। এতে কোনো গাড়ি থাকবে না। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির মাত্র ২.৪ কিলোমিটার কাজ সম্পন্ন হবে।

সৌদি ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০–এর মূল কেন্দ্রে রয়েছে উচ্চাভিলাষী প্রকল্প নিওম।

নিওম ছাড়া আরও ১৩টি বেশ বড় আকারের নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব সরকার। ট্রিলিয়ন ডলারের এসব প্রকল্পকে ‘গিগা প্রজেক্ট’ বলা হচ্ছে। এর আওতায় রাজধানী রিয়াদের উপকণ্ঠে আস্ত একটি বিনোদন শহর এবং লোহিত সাগরের পাশে কয়েকটি বিলাসবহুল দ্বীপসহ বিভিন্ন পর্যটক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

আরও দেখুন

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

কুয়েতে রাস্তা পারাপারের আইন না মানায় এক বছরে ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা

ব্রিগেডিয়ার জেনারেল বদর আল-কাত্তান জানান, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত পথচারী পারাপারের নির্ধারিত লেন ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় ৮ হাজার ৯৩৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছে।

২ দিন আগে

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের কাছে হেরে বিপাকে বিরোধী রক্ষণশীলরা

নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারারে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এই আসনটি ১৯৪৯ সাল থেকে লিবারেল-ন্যাশনাল জোটের দখলে ছিল।

৮ দিন আগে

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

কুয়েতে রোববার থেকে চালু হচ্ছে বিমান চলাচল

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনরায় ফ্লাইট চলাচল শুরু করা হবে।

২৩ দিন আগে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

২০ এপ্রিল ২০২৬