logo
খবর

১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল, চাকরি নিয়ে শঙ্কায় ছুটিতে আসা কর্মীরা

আব্দুস সবুর১০ মার্চ ২০২৬
Copied!
১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল, চাকরি নিয়ে শঙ্কায় ছুটিতে আসা কর্মীরা
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বেড়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় কয়েকটি দেশের আকাশ পথ বন্ধ রয়েছে। ফলে গত ১১ দিনে ৩৬৭টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে নতুন কর্মীদের পাশাপাশি ছুটি শেষ হয়ে যাওয়া কর্মীদের বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল। এ পরিস্থিতিতে ছুটিতে দেশে আসা কর্মীরা চাকরি বাঁচানোর আতঙ্কে রয়েছেন। অন্যদিকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও নিরাপত্তার আতঙ্ক বাড়ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১০ মার্চ পর্যন্ত ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এসব ফ্লাইট বাতিলের কারণে ৪০ হাজারের বেশি যাত্রী ও প্রবাসী কর্মী গন্তব্যের দেশে যেতে পারেননি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আটকে পড়া প্রবাসীদের সহায়তায় সব ধরনের প্রস্তুতি রেখেছে তারা। যুদ্ধপরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কর্মী সমস্যার সম্মুখীন হলে, তা জানানোর জন্য চার সদস্যের কমিটিও কাজ করছে। অন্যদিকে উপসাগরীয় বিভিন্ন দেশ ভিসার মেয়াদ বৃদ্ধিরও ঘোষণা দিয়েছে।

চাকরি বাঁচাতে ঝুঁকি নিচ্ছেন অনেকে, বিমানবন্দরে নানা ভোগান্তি

যুদ্ধ পরিস্থিতি শুরু পর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার কর্মীর ভিড় দেখা যায়। তাদের মধ্যে অনেকে ট্রানজিট নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন আবার অনেকের ফ্লাইট বাতিল হওয়ায় ফিরে আসছেন।

আরও পড়ুন

জসিম আলী নামের সৌদিপ্রবাসী একজন বলেন, আমার কফিল যেতে বলছে, তাই সেখানে যাচ্ছি। কারণ তাদের কথা না শুনলে চাকরি হারাতে পারি। আমি ছুটিতে আসছিলাম। দুই মাস থাকার পর যাচ্ছি।

আরিফ ইসলাম নামের আরেকজন বলেন, আমার ফ্লাইট ছিল গত সোমবার কিন্তু সব কিছু হওয়ার পর শেষ মুহূর্তে বলা হয়েছে ফ্লাইট বাতিল। আবার ফ্লাইট চালু হলে জানানো হবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ৪টি রুটে অনির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইট স্থগিত করেছে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

প্রবাসীদের আতঙ্ক ও স্বজনদের উদ্বেগ

ওমানে থাকা বাংলাদেশি নাজমুল হাসান বলেন, এখানে সতর্কতা জারি করা হয়েছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় চলাফেরা নিষেধ। শুরুতে কিছু মনে হয়নি। তবে বিভিন্ন ভিডিও দেখার পর ভয় কাজ করছে। বাংলাদেশ থেকেও অনেকে খোঁজখবর নিচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতে থাকা নাহিত ইসলাম বলেন, আমাদের এখানে সবার মধ্যেই এক ধরনের ভয় কাজ করছে। আমরা প্রায় ১০ জন বাঙালি এক সঙ্গে থাকি। আমাদের কোম্পানি থেকে নিরাপদে থাকতে বলা হয়েছে। তবে পরিবারের অনেকে ভয় পাচ্ছে।

নওগাঁ জেলার বাসিন্দা ও বাহরাইন প্রবাসীর বাবা আনিসুর রহমান বলেন, আমার ছেলে বিদেশ গেছে মাত্র এক বছর হয়েছে। এরমধ্যে এখন এই ঝামেলা। ছেলেকে বলেছি নিরাপদে থাকতে। প্রয়োজনে দেশ থেকে টাকা পাঠিয়ে দেব তাও যেন নিরাপদে থাকে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম বলেন, “যুদ্ধের কারণে আমাদের ক্ষতি নিয়মিত বাড়ছে। আমাদের বর্তমান প্রধান শ্রমবাজার পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে প্রবাসে যারা আছেন, তারা উৎকণ্ঠার মধ্যে আছেন। অন্যদিকে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিট্যান্স প্রবাহের ঘাটতিসহ আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬