logo
খবর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদচ্যুত করার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদচ্যুত করার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

এ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণজমায়েতে এ দাবি জানান আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে এ গণজমায়েত কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং ৭২–এর সংবিধান বাতিলের দাবিও জানানো হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবি ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে। অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এ সপ্তাহের মধ্যে নতুন করে প্রোকলেমশন অব রিপাবলিক ঘোষণা করতে হবে। সেটির ভিত্তিতে এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক বলয়ের মতের ভিত্তিতে ২৪ পরবর্তী বাংলাদেশ পরিচালিত হবে।’

আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সবশেষ তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণার দাবিও জানান হাসনাত। তিনি বলেন, ‘গত যে তিনটি নির্বাচন ছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন, এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই তিনটি নির্বাচনে অংশ নিয়ে যারা সংসদ সদস্য ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তারা যেন ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে এবং নির্বাচন অংশগ্রহণ না করতে পারে এজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।’

আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা পুরো দেশের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আবার যদি প্রয়োজন হয় আমরা চোখ দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, পা হারাতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। এমনকি আমরা আবারও আমাদের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। কিন্তু ওই ফ্যাসিস্টদের দোসর ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগ নামের যে সব সন্ত্রাসীরা আমার ভাই বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের ওপর গুলি চালিয়েছে তাদের প্রতিহত করতে আমরা আমৃত্যু প্রস্তুত থাকব।’

সম্প্রতি মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।

কথোপকথনটি রোববার (২০ অক্টোবর) মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’–এ প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন।

আইন উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন আড়াই মাস পর বলছেন, তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এমন কথা বলা স্ববিরোধিতা।’

আসিফ নজরুল দাবি করেন, ‘তিনি (রাষ্ট্রপতি) মিথ্যাচার করেছেন, যা শপথ ভঙ্গের শামিল। তাঁর বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।’

অবশ্য সমালোচনা ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে সোমবার বঙ্গভবনের পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, ‘ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪–এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে।’

রাষ্ট্রপতির বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ এবং শপথ লঙ্ঘনের শামিল বলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, সেটির সঙ্গে সরকার একমত পোষণ করে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন। এ সময় আরেক উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন আইন উপদেষ্টার বক্তব্য সরকারের কি না—জবাবে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, আইন উপদেষ্টা যা বলেছেন, সেটির সঙ্গে সরকার একমত পোষণ করে। তাহলে রাষ্ট্রপতিকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।

ভবিষ্যতে চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেটা ভবিষ্যতেই বলা যাবে।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

১ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৫ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৬ দিন আগে