logo
খবর

লিবিয়ায় গিয়ে নির্যাতনের শিকার মঠবাড়িয়ার তিন যুবক, মুক্তিপণ দাবি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জানুয়ারি ২০২৫
Copied!
লিবিয়ায় গিয়ে নির্যাতনের শিকার মঠবাড়িয়ার তিন যুবক, মুক্তিপণ দাবি
লিবিয়ার মানচিত্র

ভাগ্য বদলের আশায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৩ যুবক লিবিয়ায় গিয়ে দালাল ও প্রতারক চক্রের ফাঁদে পড়ে এখন নির্যাতনের শিকার হচ্ছেন। চক্রটি মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করছে। চাওয়া অনুযায়ী, টাকা না দিলে তাঁদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

খবর প্রথম আলোর।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে বুকভরা স্বপ্ন নিয়ে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামের লোকমান হোসেন (৩৫), মো. ইউনুস (৩৪) ও জসিম (৩৪) দালালের মাধ্যমে পাড়ি দেন লিবিয়ায়। বাড়ি থেকে তাঁরা তিন লাখ টাকা চুক্তি করে রওনা দেন লিবিয়ার পথে। প্রথমে তাঁরা সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুদিন পর লিবিয়া থেকে ইমোতে ফোন করে তাঁদের ওপর নির্যাতন চালানোর বিষয় পরিবারের সদস্যদের জানান। সেই সঙ্গে স্বজনদের কাছে বাড়িতে ফেরার আকুতি জানান। দালাল ও প্রতারক চক্রটি জনপ্রতি ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই টাকা জোগাড়ে এখন দিশাহারা ৩টি পরিবারের সদস্যরা।

শনিবার (১৮ জানুয়ারি) মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামে লোকমানের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রিমা আক্তারের সঙ্গে কথা হয়। তিনি জানান, তাঁর স্বামীর মুক্তিপণ হিসেবে দালাল চক্র ১২ লাখ টাকা দাবি করেছে। সেই টাকা জোগাড় করতে ১৫ কাঠা জমি বিক্রি করেছেন।

দালালদের পরিচয় জানতে চাইলে রিমা আক্তার বলেন, ‘ভাই, দালালের নাম বলা যাবে না, আমনেরা কী চান না, আমি আমরা তিনটি বাচ্চা ও আমার স্বামীকে নিয়ে আবার সংসার করি। তাই আমি দালালের নাম বলতে পারব না। আজকে আমনেরা যান, মাথায় অনেক টেনশন, কোথায় টাকা পাব, তা নিয়া টেনশনে আছি।’ আক্ষেপ করে তিনি বলেন, ‘স্বামী যহন ইমোতে কল দেয়, তহন তার চেহারা দেহন যায় না। ২৪ ঘণ্টায় একটু জল আর একটা রুটি দেয় খাইতে।’

এ ঘটনায় গত বছর মানবপাচার আইনে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন রিমা। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ২০২৪ সালে লোকমানের স্ত্রী রিমা মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলা করার সময় জেলা গোয়েন্দা শাখায় তদন্তভার দেওয়া আছে। এ মামলার অগ্রগতির বিষয়ে তারা বলতে পারবে।

লিবিয়ায় লোকমানের সঙ্গে তাঁর দুই বন্ধু মো. ইউনুস ও জসিমও নির্যাতনের শিকার হচ্ছেন। ইউনুস এলাকায় আগে গাড়ি চালিয়ে সংসার চালাতেন। এক মেয়ে ও এক ছেলেকে রেখে লিবিয়ায় পাড়ি জমান তিনি। ইউনুসের বাবা কুদ্দুস গোলদার বলেন, ‘পোলাডায় যে কার বুদ্ধিতে বিদেশ গেল জানি না। এখন ভাবি পোলাডার লাশও দেখতে পাব কি না। কথা ছিল, বিদেশে গিয়া পোলাডা বাড়িতে টাকা পাঠাব। ৪ বছর পর দ্যাশে আইসা নিজে গাড়ি কিনব। কিন্তু যাবার পর থেকে ১৫ লাখ টাকা দিছি, আর কত টাকা দিতে লাগব জানি না।’ কুদ্দুস গোলদার বলেন, তাঁর ছেলের চেহারা কঙ্কাল হয়ে গেছে। ছেলের খাওয়ার জন্য কয়েক দিন আগেও পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন। আল্লাহ জানে ছেলে তাঁর কবে আসবেন।’

লোকমান ও ইউনুসের পরিবারের সদস্যরা কথা বললেও জসিমের পরিবারের লোকজন সাংবাদিক পরিচয় জেনে কথা বলতে রাজি হননি। তাঁদের ধারণা, বাড়ির কাছেই দালালদের পরিচিত কেউ আছে। বিষয়টি জেনে গেলে হয়তো জসিমের ওপর আরও নির্যাতন বেড়ে যাবে।

এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এ ধরনের ঘটনায় প্রশাসনের তেমন কিছু করণীয় থাকে না। তবে পরিবারের অভিযোগ পেলে সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো যেতে পারে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে