logo
প্রবাসের খবর

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ জুন ২০২৬
Copied!
৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল
জাপান। ছবি: রয়টার্স

সব বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ৫ গুণ বাড়িয়েছে জাপান। আগামী ১ জুলাই থেকে নতুন এই ভিসা ফি কার্যকর হবে। ১৯৭৮ সালের পর, অর্থাৎ ৪৮ বছরের মধ্যে এই প্রথম এমন পদক্ষেপ নিল জাপান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে। অন্যদিকে, মাল্টিপল-এন্ট্রি ভিসা ফি ৬ হাজার ইয়েন বা ৩৭ দশমিক ১০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ইয়েন বা ১৮৫ দশমিক ৫২ ডলারে।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি জানান, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা ফি সংশোধন করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ পর্যটনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

২০২১ সাল থেকে জাপানি মুদ্রা ইয়েনের মান কমছে। বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইয়েনের এই দরপতন এবং করোনা পরবর্তী সময়ে ভ্রমণের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাপানে পর্যটকদের বৃদ্ধি দেখা গেছে। গত বছর রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক জাপান সফর করেছেন।

ভিসার পাশাপাশি বিদেশিদের জন্য অন্য ফি বাড়ানোর একটি বিল গত মে মাসে জাপানের উচ্চকক্ষে পাস হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, স্থায়ী বসবাসের আবেদনের সর্বোচ্চ আইনি ফি বর্তমানের ১০ হাজার ইয়েন বা ৬১ দশমিক ৮৪ ডলার থেকে ৩০ গুণ বাড়িয়ে ৩ লাখ ইয়েন বা ১ হাজার ৮৫৫ দশমিক ২২ ডলার করা হচ্ছে। এ ছাড়া, রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তন বা ভিসার মেয়াদ বাড়ানোর খরচও ১০ হাজার ইয়েন বা ৬১ দশমিক ৮৪ ডলার থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন বা ৬১৮ দশমিক ৪১ ডলার পর্যন্ত হতে পারে।

বিষয়টি নিয়ে জাপানি কর্তৃপক্ষ জানায়, বিশ্বের অন্য উন্নত জি-৭ অর্থনীতির দেশগুলোর সাথে সামঞ্জস্য রাখতেই এই ফি বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে বর্তমানে নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি ১৮৫ থেকে ৩১৫ ডলার এবং যুক্তরাজ্যে ৬ মাসের স্ট্যান্ডার্ড শর্ট-টার্ম ভিসার জন্য ১৩৫ পাউন্ড খরচ করতে হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬