logo
খবর

সাগর-রুনি হত্যা মামলা: আরও ৬ মাস সময় দেওয়া হলো টাস্কফোর্সকে

প্রতিবেদক, বিডিজেন২২ এপ্রিল ২০২৫
Copied!
সাগর-রুনি হত্যা মামলা: আরও ৬ মাস সময় দেওয়া হলো টাস্কফোর্সকে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করতে নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত শেষে ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়।

এদিকে তদন্ত শেষ করে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া ৬ মাস সময় ইতিমধ্যে শেষ হয়। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ ৯ মাস সময়ের আরজি জানায়। শুনানি নিয়ে আদালত ৬ মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন রেখেছেন।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের দেওয়া এক আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তদন্তের জন্য মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর এই আদেশ সংশোধন চেয়ে স্বরাষ্ট্রসচিবের পক্ষে গত সেপ্টেম্বরে হাইকোর্ট বিভাগে আবেদন করা হয়। এর শুনানি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ওই আদেশ দেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদেশের জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ শুনানি করেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

প্রথমে এই মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। ৪ দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছিল র‍্যাব।

আরও পড়ুন

আরও দেখুন

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর দূতাবাস

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর দূতাবাস

ভিসা আবেদনকারীদের প্রতি বাংলাদেশে নিয়োজিত দূতাবাসের পরামর্শ হলো, সাক্ষাৎকারের সময় সবসময় সত্য তথ্য প্রদান করা। কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা বললে কেবল বর্তমান আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা আসতে পারে।

৯ মিনিট আগে

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পর্যটনমন্ত্রী বলেন, “পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগত দর্শনার্থীরা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন।

১১ ঘণ্টা আগে

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে, বাদ মাগরিব জানাজা

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে, বাদ মাগরিব জানাজা

জানা গেছে, লিমনের মরদেহ মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে পৌঁছেছে। তার জানাজার নামাজ বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। ইতিমধ্যেই কবর খননের কাজ সম্পন্ন হয়েছে।

১২ ঘণ্টা আগে

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

শুক্রবার শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২ দিন আগে