logo
খবর

সৌদি আরবে ফ্ল্যাট থেকে প্রবাসী ২ ভাইয়ের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ মে ২০২৫
Copied!
সৌদি আরবে ফ্ল্যাট থেকে প্রবাসী ২ ভাইয়ের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
সৌদি আরবে ফ্ল্যাট থেকে প্রবাসী ২ ভাইয়ের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২১ মে) তাদের মরদেহ পাওয়া যায়। একসঙ্গে দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

খবর ইনডিপেনডেন্টের।

নিহতরা হলেন গাজীপুরের উত্তর ভুরুলিয়ার আদর্শ পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির দুই ছেলে—কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২)।  

পরিবারের অভিযোগ, কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি খুঁজছিলেন। এরমধ্যে ঢাকার নয়াপল্টনে সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন ২১ লাখ টাকার চুক্তিতে জব ভিসায় কাকনকে কানাডায় পাঠানোর প্রস্তাব দেন। মোশারফ হোসেন সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে অগ্রিম ৩ লাখ টাকা দেন। তবে দীর্ঘদিন চেষ্টা করেও কাকনকে কানাডা পাঠানো সম্ভব হয়নি।

বাহার উদ্দিন পরবর্তীতে মোশারফের ছোট ছেলে সাগরকে ভালো বেতনে সৌদি আরবে পাঠানোর প্রস্তাব দেন এবং ৪ লাখ ৩০ হাজার টাকা নেন। রাজি হয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে সাগর সৌদি আরবে যান।  

মোশারফ হোসেন দাবি করেন, বাহার উদ্দিন কোনো প্রতিশ্রুতি পালন করেননি। সাগরকে ভালো চাকরি না দিয়ে খাবার ডেলিভারির কাজ করানো হয়। এরপর মোশারফ হোসেন বড় ছেলেকে কানাডায় পাঠানোর জন্য দেওয়া ৩ লাখ টাকা ফেরত চাইলে বাহার উদ্দিন জানান, তিনি কাকন ও সাগরকে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেবেন। ২০২৪ সালের ৪ ডিসেম্বর কাকনকে নিয়ে বাহার সৌদি আরবে যান। পরে বাহার দুই ভাইকে কাজ না দিয়ে একটি ফ্ল্যাটে আটকে রাখেন।

এরপর মোশারফ হোসেন ডিসেম্বরেই ওমরাহ ভিসায় সৌদি আরব যান এবং বাহারের সঙ্গে দেখা করেন। তখন কাকন ও সাগর অভিযোগ করেন, তাদের খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়েছে, ঠিকমতো খাবার ও থাকার ব্যবস্থা নেই। ওমরাহ শেষে দেশে ফিরে আসেন মোশারফ হোসেন। ফেরার সময় বাহার তাঁকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ ঢাকার ঠিকানায় পৌঁছে দিতে বলেন। সৌদি বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ওই ব্যাগ তল্লাশি করে একটি পুঁটলি জব্দ করে। মোশারফ দেশে ফেরার পর বাহার ওই পুঁটলিটি ফেরত চান। মোশারফ দাবি করেন, পুঁটলিতে ১৩ লাখ টাকার সোনা ছিল। সোনা ফিরিয়ে দিতে না পারায় বাহার তাঁকে হুমকি দেন। এরপর মোশারফ হোসেন গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সৌদি আরবে ফ্ল্যাট থেকে প্রবাসী ২ ভাইয়ের মরদেহ উদ্ধারে পরিবারে শোকের ছায়া। ছবি–ইনডিপেনডেন্ট টেলিভিশন
সৌদি আরবে ফ্ল্যাট থেকে প্রবাসী ২ ভাইয়ের মরদেহ উদ্ধারে পরিবারে শোকের ছায়া। ছবি–ইনডিপেনডেন্ট টেলিভিশন

গত ৯ মে মাইক্রোবাসে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মোশারফের বাড়িতে এসে তাকে খুঁজতে থাকে। মোশারফকে না পাওয়ায় তারা তাঁর বৃদ্ধ বাবা আবুল কাশেম লম্বরিকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং কাকন ও সাগরকে হত্যা করার হুমকি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর  ৯৯৯-এ কল পেয়ে সদর থানা পুলিশ এসে আবুল কাশেমকে উদ্ধার করে।

সৌদি দূতাবাসের মাধ্যমে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে দাম্মামের একটি ফ্ল্যাটে ঢুকে দুই ভাইয়ের মরদেহ পাওয়া যায়।  সিসিটিভি ফুটেজ দেখে মঞ্জু নামে বাংলাদেশি এক যুবককে সনাক্ত করেছে পুলিশ।

মোশারফ হোসেন বলেন, ‘দুই ছেলে ছাড়া আমার আর কোনো সন্তান নেই। তাদের ভবিষ্যৎ ভেবেই আমি কানাডায় পাঠানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা আর সম্ভব হলো না। গত বুধবার রাত ১২টার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের হত্যাকাণ্ডের খবর দেয়।”

মোশারফ হোসেন অভিযোগ করেন, বাহার উদ্দিনই তাঁর দুই সন্তানকে হত্যা করিয়েছেন। তিনি দ্রুত সন্তানদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চান।

এদিকে, দুই সন্তান হারিয়ে পাগলপ্রায় মা ও স্বজনরা বলছেন, পরিকল্পিতভাবে দুই ভাইকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার যথাযথ বিচার দাবি করেছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘সৌদিতে দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এ নিয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।’

সূত্র: ইনডিপেনডেন্ট

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬