logo
খবর

মালদ্বীপ গিয়েছিলেন বুকভরা স্বপ্ন নিয়ে, ফিরছেন লাশ হয়ে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ এপ্রিল ২০২৫
Copied!
মালদ্বীপ গিয়েছিলেন বুকভরা স্বপ্ন নিয়ে, ফিরছেন লাশ হয়ে
মো. জসিম উদ্দিন। ছবি: প্রথম আলো

প্রায় সাত বছর আগে বুকভরা স্বপ্ন নিয়ে মালদ্বীপ গিয়েছিলেন মো. জসিম উদ্দিন (৪৫)। স্বপ্ন ছিল কাজ করে ঋণের টাকা পরিশোধ করবেন; সংসারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা। হাসি ফোটাবেন স্ত্রী–সন্তানদের মুখে। স্বপ্নপূরণের দ্বারপ্রান্তেও এসেছিলেন। কথা ছিল আসছে ঈদুল আজহার আগে বাড়ি ফিরবেন। পরিবার–পরিজনের সঙ্গে ঈদ করবেন। বাড়িতে ফিরছেন ঠিকই। তবে জীবিত নয়, ফিরছেন লাশ হয়ে।

খবর প্রথম আলোর।

জসিম উদ্দিনের বিষয়ে কথাগুলো বলতে বলতে কাঁদছিলেন তাঁর স্ত্রী মোসা. মাসুমা আক্তার (৩৭)। বাংলাদেশ সময় গত শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত চারটার দিকে মালদ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জসিমের মৃত্যুর খবরে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন আহম্মেদের ছেলে জসিম উদ্দিন। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সেজ। জসিমের এক ছেলে ও এক মেয়ে। ছেলে মেহনাব হোসেন এ বছর দাখিল পরীক্ষা দিচ্ছে। আর মেয়ে মোছা. জেরিন পঞ্চম শ্রেণিতে পড়ে।

জসিমের ছোট ভাই মো. মাহফুজ বলেন, জীবিকার তাগিদে ২০০৫ সালে সৌদি আরব গিয়েছিলেন জসিম। ২০১৭ সালে বাড়ি ফিরে এসে মুরগির খামার করেছিলেন। মুরগির খামারে লোকসানে প্রবাসের আয় করা সব টাকা শেষ হয়ে যায়। উল্টো ঋণের জালে জড়িয়ে পড়েন। ২০১৮ সালে চলে যান মালদ্বীপে। মালদ্বীপের কুলহুধুফুশি আইসল্যান্ডে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আসছে ঈদুল আজহায় বাড়ি ফেরার কথা ছিল। ২৫ এপ্রিল, শুক্রবার বুকে ব্যথা নিয়ে মালদ্বীপের একটি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই বাসায় ফিরে যান। পরের দিন শনিবার রাতে বুকে ব্যথা অনুভব হলে সহকর্মীরা তাঁকে আবার হাসপাতালে নিয়ে যান। রাত চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জসিমের বড় ভাই ও মেয়ের আহাজারি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামে। ছবি–প্রথম আলো
জসিমের বড় ভাই ও মেয়ের আহাজারি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামে। ছবি–প্রথম আলো

স্ত্রী মাসুমা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘বুকভরা স্বপ্ন নিয়ে মালদ্বীপ গিয়েছিলেন, ফিরবেন লাশ হয়ে—এইটা ক্যামনে সহ্য করমু! আমার দুই সন্তানেরে কী বুঝ দিমু? ওরা বাবা ডাকবে কারে?’ অঝোরে কাঁদছিল মেয়ে জেরিন। আক্ষেপ নিয়ে সে বলছিল, ‘বুঝ হওয়ার আগে থেকেই বাবা বিদেশে থাকেন। বুঝ হওয়ার পর থেকে বাবাকে কখনো সামনাসামনি দেখা হয়নি। ভিডিও কলে বাবাকে দেখতাম। এবার ঈদে (ঈদুল আজহা) বাবাকে দেখব, আদর করব—সেই স্বপ্নে বিভোর ছিলাম। বাবাকে আর দেখা হলো না। নিথর দেহটাকে হয়তো দেখতে পারব।’

জসিমের মৃত্যুর খবরে নির্বাক বৃদ্ধা মা মোছা. বিবি আয়শা (৭৫)। বড় ভাই মো. ফজলুর রহমান ফোরকান বলেন, সব প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টায় মরদেহ মালদ্বীপ থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। রাতে লাশ গ্রামের বাড়ি বড়ডালিমায় নিয়ে আসা হবে। আজ বুধবার ডালিমা গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে