logo
খবর

অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ জুলাই ২০২৫
Copied!
অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের প্রকাশিত ভিডিও থেকে

অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে ‘মব’ (দলবদ্ধ সহিংসতা) সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

খবর প্রথম আলোর।

পুরান ঢাকায় গত বুধবার জনসমক্ষে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়টির প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘এই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে, কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে? তারা (সরকার) কেন আশ্রয় দিচ্ছে?...যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, যাকে দেখেছি স্ক্রিনে (ভিডিও ফুটেজে), যাকে দেখেছি হত্যা করছেন, তাঁকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি?’

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ‘আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? প্রশাসনের কারও কারও কোনো প্রশ্রয় আছে?’

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের যেসব নেতা-কর্মী শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানের আয়োজক বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া।’

বিএনপি অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, যে অন্যায় করবে, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কোনো দলের লোক হতে পারে না।

বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে জনগণের এই বিজয় অর্জিত হয়েছে। কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ‘অদৃশ্য শত্রু’ আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কিছু হচ্ছে এবং আমরা খুব ভালো করে খেয়াল করছি কারা সুস্থ স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে চাইছে।’

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জোর গলায় প্রশ্ন তুলুন, আপনাদের যে স্বজনেরা আত্মত্যাগ করেছে, তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এসব হত্যাকাণ্ড করছে?’

খুলনায় যুবদলের এক কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, তার (যুবদল কর্মী) রগ কেটে দেওয়া হয়েছে কেন? সেটি নিয়ে কথা বলা হচ্ছে না কেন? সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে। এই প্রশ্নের জবাব সবাইকে খুঁজতে হবে; কারণ, এই প্রশ্নের জবাবগুলোর সঙ্গে বাংলাদেশ অস্তিত্বের সম্পর্ক রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালক ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

মিসরে বাংলাদেশিদের ট্রানজিট নিতে আগাম ভিসা বাধ্যতামূলক

মিসরে বাংলাদেশিদের ট্রানজিট নিতে আগাম ভিসা বাধ্যতামূলক

দূতাবাস জানিয়েছে, ভ্রমণকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং চূড়ান্ত গন্তব্য দেশের জন্য বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিসরকে অবশ্যই অন্য গন্তব্যে ভ্রমণকারীর রুটে একটি ট্রানজিট পয়েন্ট হতে হবে।

১ দিন আগে

অবৈধ পথে ইউরোপ যাত্রায় ভূমধ্যসাগরে মৃত্যু: ১২ শতাংশই বাংলাদেশি

অবৈধ পথে ইউরোপ যাত্রায় ভূমধ্যসাগরে মৃত্যু: ১২ শতাংশই বাংলাদেশি

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশের নাগরিকেরা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেছেন।

২ দিন আগে

জ্বালানি তেল ব্যবহারে ৫০ শতাংশ সাশ্রয়ের সিদ্ধান্ত পিকেএসএফের

জ্বালানি তেল ব্যবহারে ৫০ শতাংশ সাশ্রয়ের সিদ্ধান্ত পিকেএসএফের

বিদ্যমান পরিস্থিতিতে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং যথাসম্ভব বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

৩ দিন আগে

গ্রিস উপকূলে নৌকাডুবি: সুনামগঞ্জের ১০ জনের মৃত্যুর খবর

গ্রিস উপকূলে নৌকাডুবি: সুনামগঞ্জের ১০ জনের মৃত্যুর খবর

স্থানীয়দের বরাত দিয়ে দিরাই উপজেলা কর্মকর্তা সনজিব সরকার আজ রোববার সকালে জানান, নিহতদের মধ্যে চারজন দিরাই উপজেলার। এরা হলেন- তারাপাশা গ্রামের নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), শাহান মিয়া (২৫) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৮)।

৪ দিন আগে