logo
খবর

মিটফোর্ডে নৃশংস হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল

প্রতিবেদক, বিডিজেন১২ জুলাই ২০২৫
Copied!
মিটফোর্ডে নৃশংস হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল
আসিফ নজরুল। ফাইল ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) কংক্রিটের ব্লক দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার বিচারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টা ৯ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’

পুরান ঢাকার মিটফোর্ড ঘনবসতিপূর্ণ এবং বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সেখানেই গত বুধবার (৯ জুলাই) দিনদুপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে কংক্রিটের ব্লক দিয়ে থেঁতলে হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার ২ দিন পর গতকাল শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। হত্যাকাণ্ডের ধরন ও এর নৃশংসতা স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ শুরু করে।

সরকারের উচ্চ পর্যায় থেকে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মামলার বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যে এটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে এই বিচারের ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ব্যবসায়ী সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত অভিযুক্ত মাহমুদুল হাসান মহিন (৪১) এবং তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করেছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আরও ২ জনকে গ্রেপ্তার করেছে। এই ২ জনের নাম জানা যায়নি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে গতকাল সন্ধ্যায় এই মামলার ২ অভিযুক্তকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। তারা হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী ওরফে পিন্টু (মামলার ১৩ নম্বর অভিযুক্ত) এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম ওরফে লাকি (১১ নম্বর অভিযুক্ত)। যুবদলের বহিষ্কার-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

হত্যা মামলার আরও দুই অভিযুক্তকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তারা হলেন চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস (১৭ নম্বর অভিযুক্ত) এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু (১২ নম্বর অভিযুক্ত)।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৩ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৩ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৭ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৮ দিন আগে